হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ইনকিলাব মঞ্চ রাজপথ ছাড়বে না বলে ঘোষণা দিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর শাহবাগ মোড় অবরোধ কর্মসূচিতে তিনি জানান, বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং প্রয়োজনে শাহবাগ চত্বরে রাত্রিযাপনও করা হবে।
অবরোধ চলাকালে ওসমান হাদির ভাই ওমর বিন হাদি অভিযোগ করেন, বর্তমান সরকার হাদি হত্যার বিচার নিয়ে আন্তরিকতা দেখাচ্ছে না। তিনি বলেন, দ্রুত বিচার না হলে যমুনা ভবন ঘেরাও এবং ক্যান্টনমেন্ট এলাকায় লং মার্চের কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে আন্তর্জাতিক তদন্ত সংস্থাকে যুক্ত করার দাবিও জানান তিনি।
এর আগে শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকেরা বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি শাহবাগ মোড়ে পৌঁছে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আন্দোলনে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণির মানুষ যোগ দেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর পাঠানো হলেও ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।