ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির ইন্তেকালের আটদিন পেরিয়ে আরেকটি শুক্রবার এলেও তার প্রতি মানুষের ভালোবাসা ও আবেগে কোনো ভাটা পড়েনি। বরং দিন যত যাচ্ছে, কবর জিয়ারতে আগ্রহী মানুষের উপস্থিতি ততই বাড়ছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে আসরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অবস্থিত কবি কাজী নজরুল ইসলাম সমাধিসৌধ এলাকায় শহীদ হাদির কবর জিয়ারতে শতাধিক মানুষ উপস্থিত হন। এ সময় সমাধিসৌধের গেট খুলে দেওয়া হলে একে একে ভেতরে প্রবেশ করেন শুভাকাঙ্ক্ষী ও অনুসারীরা।
কবরের পাশে দাঁড়িয়ে তারা জিয়ারত ও মোনাজাত করেন। অনেককে অশ্রুসজল চোখে হাদির আত্মার মাগফিরাত কামনা করতে দেখা যায়। মোনাজাতে কেউ কেউ তার হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন, আবার কেউ খুনিদের বিচারের দাবিতে আবেগভরে বিলাপ করেন।
শহীদ হাদির কবর ঘিরে মানুষের এই অব্যাহত উপস্থিতি তার প্রতি জনসমর্থন ও ভালোবাসার গভীরতারই প্রতিফলন বলে মনে করছেন উপস্থিতরা।