আজকের বাংলাদেশ গড়ে উঠতে ১৯৪৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার ২৬ ডিসেম্বর রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, আজকের বাংলাদেশ একদিনে আসেনি। ৪৭ থেকে ২৪ পর্যন্ত টানা সংগ্রাম, ত্যাগ আর লড়াইয়ের মধ্য দিয়ে এই বাস্তবতা তৈরি হয়েছে। তিনি বলেন, আগামীর বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন ছাত্রসমাজকেই নিতে হবে এবং সেই দায়িত্ব পালনে ইসলামী ছাত্রশিবিরকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।
জামায়াত আমির বলেন, গত ৫৪ বছরে পরিকল্পিতভাবে ছাত্রদের হাত থেকে কলম কেড়ে নিয়ে অস্ত্র ধরিয়ে দেওয়া হয়েছিল। এই রাষ্ট্রবিরোধী ও ধ্বংসাত্মক রাজনীতির এক দীর্ঘ কালো অধ্যায় চলেছে। তিনি বলেন, সেই অধ্যায় শেষের পথে হলেও তার ছায়া এখনো পুরোপুরি দূর হয়নি।
তিনি আরও বলেন, বর্তমানে একটি রাজনৈতিক দল যুবকদের কর্মসংস্থান নয়, বরং বেকার ভাতার কথা বলছে। জামায়াতে ইসলামী কখনোই এমন রাষ্ট্রব্যবস্থা চায় না যেখানে যুবসমাজ বেকার ভাতার ওপর নির্ভরশীল হবে। তাদের লক্ষ্য হলো সম্মানজনক কর্মসংস্থান ও আত্মমর্যাদার রাজনীতি।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, চারটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের বিজয় প্রমাণ করে দিয়েছে ছাত্রসমাজ কোন পথে এগোতে চায়। তিনি বলেন, এই সাফল্য বিচ্ছিন্ন নয়, বরং একটি বৃহত্তর পরিবর্তনের ইঙ্গিত।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচন বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। এই নির্বাচন পুরনো রাজনীতির অবসান ঘটিয়ে নতুন ধারার রাজনীতির সূচনা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।