নেতার রাজনৈতিক ভবিষ্যৎ কোনো বিচারকের কলমের খোঁচায় নির্ধারিত হয় না—এমন মন্তব্য করেছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হয় আল্লাহর ইচ্ছায় এবং জনগণের রায়ে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। পোস্টে আন্দালিব রহমান পার্থ লেখেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন। প্রায় ১৫ বছর আগে জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি বলেছিলেন—তারেক রহমান দেশে ফিরবেন এবং তার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবেন বাংলাদেশের জনগণই।
তিনি উল্লেখ করেন, তৎকালীন প্রধানমন্ত্রীর সামনে সংসদে দাঁড়িয়ে ওই বক্তব্য দেওয়া সহজ ছিল না। তবে সেটি কোনো গণনা বা ভবিষ্যদ্বাণী নয়; ছিল দৃঢ় বিশ্বাসের প্রকাশ। তার ভাষায়, জনগণের নেতা হিসেবে তারেক রহমানের ভবিষ্যৎ কোনো আদালতের আদেশে নয়, বরং আল্লাহর ইচ্ছা, জনগণের সমর্থন এবং সঠিক সময়ের মধ্য দিয়েই নির্ধারিত হবে।
পোস্টের শেষাংশে আন্দালিব রহমান পার্থ তারেক রহমানকে অভিনন্দন জানান। একই সঙ্গে বিএনপির লাখো নেতাকর্মী এবং বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা জানান তিনি।