আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া–৩ (সদর) আসনে মনোনয়নপত্র উত্তোলন করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তিনি রিকশায় করে কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। ব্যতিক্রমী এই উপস্থিতি নির্বাচনী মাঠে আলাদা করে দৃষ্টি কাড়ে।
মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুফতি আমির হামজা। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই তারা মাঠে সক্রিয় রয়েছেন এবং নির্বাচনের পরিবেশ যদি বর্তমান ধারায় বজায় থাকে, তাহলে তারা আশাবাদী বিজয়ের ব্যাপারে। তার ভাষায়, কুষ্টিয়া সদর ও ইসলামী বিশ্ববিদ্যালয় থানার প্রায় প্রতিটি এলাকায় তিনি সরাসরি ভোটারদের সঙ্গে যোগাযোগ করেছেন। “ডোর টু ডোর গিয়ে মানুষের যে স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি, আলহামদুলিল্লাহ—তাতে আমরা বিপুল ভোটে বিজয়ের আশা করছি,” বলেন তিনি।
নির্বাচনের সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে জামায়াত প্রার্থী বলেন, এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মাঝে মধ্যে পোস্টার ছেঁড়াছিঁড়ির মতো কিছু ঘটনা ঘটলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়ে মুফতি আমির হামজা বলেন, হত্যাকাণ্ড কখনোই সমর্থনযোগ্য নয় এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তিনি। তার মতে, দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে। নির্বাচিত সরকার না থাকলে দেশের কী অবস্থা হয়, তা অতীতে দেখা গেছে বলেও মন্তব্য করেন তিনি।
নিরাপত্তা প্রসঙ্গে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, সদর থানায় পূর্বের সহিংসতার সময় লুট হওয়া অস্ত্র উদ্ধার না হলে নির্বাচনে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। দ্রুত এসব অস্ত্র উদ্ধার এবং সীমান্ত এলাকায় নজরদারি জোরদারের আহ্বান জানান তিনি।
এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ারদার, শহর জামায়াতের আমির এনামুল হকসহ দলের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।