আগামী ৩০ কার্যদিবসের মধ্যে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তায় শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর শাহবাগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ‘শহীদি শপথ গ্রহণ’ থেকে এই ঘোষণা দেওয়া হয়।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তিনি জানান, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও পেশাদার গোয়েন্দা সংস্থার মাধ্যমে তদন্ত পরিচালনা করে দ্রুত বিচারিক ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, দেশবাসীর কাছে হাদির আদর্শ ও বাণী পৌঁছে দিতে আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর দেয়াল-লিখন, গ্রাফিতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনেও তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে।
এর আগে, তিন দফা দাবিতে ইনকিলাব মঞ্চ ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল বলেও জানান জাবের। তবে এখনও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো বার্তা পাওয়া যায়নি।
ইনকিলাব মঞ্চ জানিয়েছে, ২৫ ডিসেম্বর তারেক রহমান–এর দেশে প্রত্যাবর্তনের দিনে তারা কোনো কর্মসূচি রাখবে না। জাবের আশা প্রকাশ করেন, তারেক রহমান দেশে ফিরে এই আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করবেন।
তিনি আরও বলেন, ২৫ ডিসেম্বরের পর সারা দেশে লাগাতার কর্মসূচি ঘোষণা ও বাস্তবায়ন করা হবে।