আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে একটি গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।
রুমিন ফারহানা বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকেই তিনি নির্বাচন করবেন এবং আগামী এক–দুই দিনের মধ্যে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হবে। তিনি বলেন, বিএনপি একটি বড় দল হওয়ায় জোট রাজনীতির স্বার্থে দলকে নানা সিদ্ধান্ত নিতে হয়। জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে জোট হওয়ায় আসন ছাড় দেওয়া ছাড়া বিএনপির বিকল্প ছিল না বলেও মন্তব্য করেন তিনি।
স্বতন্ত্র প্রার্থী হলে দলীয় শাস্তির বিষয়ে প্রশ্ন করা হলে রুমিন ফারহানা বলেন, দল যদি ব্যবস্থা নিতে চায়, সেটি দলের এখতিয়ার। এতে তাঁর কিছু করার নেই বলেও তিনি জানান।
এর আগে একই দিন রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম–এর সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব–কে জোট প্রার্থী হিসেবে ঘোষণা করেন। তিনি স্পষ্ট করে বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ স্বতন্ত্রভাবে নির্বাচন করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর ঘোষিত বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকায় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে কোনো নাম ছিল না। এরপর থেকেই এই আসনে জোট প্রার্থী দেওয়ার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। তবে দলীয় মনোনয়ন না পেলেও রুমিন ফারহানা তাঁর নির্বাচনী তৎপরতা চালিয়ে যান এবং শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।