বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ৩ জানুয়ারি ঢাকায় একটি বৃহৎ মহাসমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অন্যতম নায়ক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার এবং দেশজুড়ে ছড়িয়ে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে এ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মহাসমাবেশ শুরু হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাম্প্রতিক বৈঠকে এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। সমাবেশ সফল করতে সোমবার রাতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতাদের নিয়ে একটি সমন্বয় সভাও অনুষ্ঠিত হয়েছে। দলীয় সূত্র জানায়, এই মহাসমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে এক মিলিয়নেরও বেশি নেতাকর্মী অংশগ্রহণ করতে পারেন। তৃণমূল পর্যায়ে প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে বলেও জানানো হয়েছে।
কর্মসূচির উদ্দেশ্য সম্পর্কে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই বিপ্লবের অগ্রসৈনিক শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করা এখন জাতীয় দায়িত্ব। একই সঙ্গে দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তার না করা হলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।
তিনি বলেন, ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত না হলে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি হবে না। এসব দাবির পক্ষে জনমত গড়ে তুলতেই এই মহাসমাবেশের আয়োজন করা হয়েছে।