সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মীরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন।
সোমবার(২৫ নভেম্বর)দুপুরে আমল গ্রহনকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক নির্জন কুমার মিত্র ওই জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক মন্ত্রী এম এ মান্নানের আইনজীবী অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন।
আইনজীবী আরো জানিয়েছেন, সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান শারীরিকভাবে অসুস্থ। গত ১৯ নভেম্বর জেলার জগন্নাথপুর উপজেলায় ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ যে মামলা দায়ের করা হয়েছে তখন তিনি ঢাকাতে অবস্থান করছিলেন। এ মামলার কোনো সুস্পষ্ট প্রমাণ দেখাতে না পারায় আদালত তার জামিন মঞ্জুর করেছেন।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মীরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ ৪৯ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন নুর।
এর আগেও বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় জেলা কারাগারে দুই মাস কারাবাসের পর আদালত থেকে জামিনে মুক্তি লাভ করেছিলেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।