বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মীদের ঢাকায় যাতায়াত সহজ করতে বিশেষ ট্রেন ও অতিরিক্ত বগি রিজার্ভের আবেদন করেছে দলটি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রেল মন্ত্রণালয়ের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন তারেক রহমান। তাকে সংবর্ধনা জানাতে সারা দেশ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ ঢাকায় আসবেন। সেই কারণে ২৪ ডিসেম্বর রাতের বিভিন্ন রুটে রেলগাড়ি রিজার্ভ করতে চায় বিএনপি। সরকারি নীতিমালা অনুযায়ী নির্ধারিত ভাড়া পরিশোধ করা হবে বলেও চিঠিতে জানানো হয়।
বিএনপির পক্ষ থেকে কক্সবাজার–ঢাকা, সিলেট–ঢাকা, জামালপুর–ময়মনসিংহ–ঢাকা, টাঙ্গাইল–ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ–রাজশাহী–ঢাকা, পঞ্চগড়–নীলফামারী–পার্বতীপুর–ঢাকা এবং কুড়িগ্রাম–রংপুর–ঢাকা—এই সাতটি রুটে একটি করে বিশেষ ট্রেন বা অতিরিক্ত বগি রিজার্ভের অনুরোধ জানানো হয়েছে।
এর আগে যুক্তরাজ্যে অনুষ্ঠিত বিজয় দিবসের অনুষ্ঠানে তারেক রহমান নিজেই ঘোষণা দেন যে, তিনি আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরছেন। জানা গেছে, দীর্ঘ প্রায় ১৮ বছরের নির্বাসিত জীবন শেষে তিনি মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশে আসবেন। বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এদিকে তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপির গঠিত অভ্যর্থনা কমিটি ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। বৃহস্পতিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সরেজমিনে পরিদর্শন করেছে বিএনপির একটি প্রতিনিধিদল। দলটির নেতারা জানিয়েছেন, তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে সব ধরনের আয়োজন করা হচ্ছে, তবে জনদুর্ভোগ এড়ানোর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।