ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ নিন্দা জানান।
কর্মশালায় তারেক রহমান বলেন, রাজনৈতিক মতপার্থক্য যাই থাকুক, সহিংসতা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এ ধরনের সন্ত্রাসী হামলা গণতন্ত্র ও স্বাভাবিক রাজনৈতিক পরিবেশের জন্য বড় হুমকি।
তিনি ছাত্রদলসহ বিএনপির সব স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য, যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলায় জড়িত দুষ্কৃতকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হয়।
উল্লেখ্য, গত রোববার থেকে শুরু হওয়া এই কর্মশালায় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নিচ্ছেন।