ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক এবং চিকিৎসার জন্য বিপুল পরিমাণ রক্তের প্রয়োজন হচ্ছে। এই পরিস্থিতিতে হাদির জীবন বাঁচাতে রক্ত সংগ্রহ ও সরবরাহে এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্র জানায়, ওসমান হাদির শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তার রক্তের গ্রুপ ‘বি’ নেগেটিভ হওয়ায় জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন দেখা দেয়। চিকিৎসকদের অনুরোধে সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে রক্তের ব্যবস্থা করেছে।
এর আগে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানান, ওসমান হাদিকে জরুরি বিভাগে আনার সময় তার অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন। তখন তাকে সিপিআর দেওয়া হয়। বর্তমানে তার রক্তচাপ কিছুটা স্থিতিশীল হলেও মাথার ভেতরে গুলি রয়েছে এবং কানের পাশ দিয়ে গুলিবিদ্ধ হওয়ায় তার অবস্থা এখনো গুরুতর।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন শরিফ ওসমান হাদি। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।