দেশের মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৮ রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখতে চায়—এমন মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সময় সংবাদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন গবেষণা সংস্থা ও প্রতিষ্ঠানের জরিপ নিয়ে যে আলোচনা চলছে, সেগুলোর নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
হামিদুর রহমান আযাদ বলেন, যদি জরিপ সত্যিকারের জনমত তুলে ধরতে পারতো, তবে দেশে নির্বাচনের প্রয়োজন হতো না। অতীতে বহুবার দেখা গেছে—জরিপের ফল নির্বাচনের বাস্তব ফলাফলের সঙ্গে মিলেনি। তার মতে, জনগণ আজ রাজনৈতিক বিকল্প খুঁজছে এবং সেই বিকল্প হিসেবে জামায়াতসহ ৮ রাজনৈতিক দলকে দেখছে।
জোট সরকারে থাকাকালে জামায়াত কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিল না দাবি করে তিনি বলেন, ইতিহাস সাক্ষী—সরকারে থাকলেও দলটি সুশাসন, স্বচ্ছতা ও নৈতিকতার প্রশ্নে আপসহীন ছিল। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের আস্থা অর্জনে জামায়াত ও এর সহযোগী শক্তিগুলো ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে বলে মন্তব্য করেন তিনি।
একইসঙ্গে বিএনপির সমালোচনা করে হামিদুর রহমান আযাদ বলেন, ক্ষমতায় যাওয়ার আগেই যেভাবে বিএনপি দুর্নীতি ও সন্ত্রাসে জড়িয়ে পড়েছে, তাতে তারা ক্ষমতায় গেলে অপরাধ নিয়ন্ত্রণ করবে—জনগণ তা বিশ্বাস করে না। তিনি দাবি করেন, রাজনীতিতে প্রতিহিংসা নয়, প্রয়োজন গণতান্ত্রিক প্রতিযোগিতা। তাই বিএনপিকে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই বক্তব্য দেশের চলমান রাজনৈতিক সমীকরণে নতুন আলোচনার জন্ম দিয়েছে। জনগণ কোন দলকে বা জোটকে ক্ষমতায় দেখতে চায়—তা স্পষ্ট হবে আসন্ন নির্বাচনেই।