ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো প্রকাশ্যে গণসংযোগ শুরু করেছেন কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে চকরিয়ার খুটাখালী ইউনিয়নে পীর মাওলানা আব্দুল হাইয়ের কবর জিয়ারতের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করেন।
এ সময় উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী ও সাবেক এমপি অ্যাডভোকেট হাসিনা আহমদ, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাবেক সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক জানান, ২ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত চকরিয়া ও পেকুয়ার সর্বস্তরের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করবেন সালাহউদ্দিন আহমদ। দলের সাংগঠনিক ব্যস্ততার কারণে দীর্ঘদিন নিয়মিত এলাকায় থাকতে না পারলেও মনোনয়ন পাওয়ার পর এটি তাঁর প্রথম নির্বাচনি সফর। এই সফরে তিনি চকরিয়ার ১৭টি ইউনিয়ন, পেকুয়ার ৭টি ইউনিয়ন এবং চকরিয়া পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেবেন।
মঙ্গলবার সকালে তিনি খুটাখালী ও ডুলাহাজারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। সন্ধ্যায় ফাঁসিয়াখালী ইউনিয়নের রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে এক বড় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে।
বিএনপি সূত্র জানায়, এটি পুরোপুরি নির্বাচনকেন্দ্রিক সফর। প্রায় এক সপ্তাহ নিজ বাড়িতে অবস্থান করে সেখান থেকেই প্রতিদিন বিভিন্ন ইউনিয়ানে গণসংযোগে অংশ নেবেন সালাহউদ্দিন। স্থানীয় বিএনপির নেতাদের সঙ্গে সমন্বয় করে ইতোমধ্যে পূর্ণাঙ্গ সফরসূচি চূড়ান্ত করা হয়েছে।
স্থানীয়দের ধারণা, দীর্ঘদিন পর এলাকায় ফিরতেই সালাহউদ্দিন আহমদকে কেন্দ্র করে চকরিয়া–পেকুয়ায় নির্বাচনি উত্তাপ আরও বেড়ে গেছে।