ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, “লন্ডনের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। নতুন বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ, কোনো ফ্যাসিবাদী কাঠামোর জায়গা সেখানে নেই।” শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জে ছাত্র ও যুব সমাবেশে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে বক্তব্য দিতে গিয়ে ভিপি সাদিক কায়েম সতর্ক করে বলেন, “যারা আবারও ফ্যাসিবাদী শাসনব্যবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করবে, তাদের পরিণতি হবে হাসিনার চেয়েও ভয়াবহ।” তিনি বলেন, জনগণ আজ রাজনৈতিকভাবে সচেতন; তাই পুরনো বস্তা–পচা রাজনীতি ফেরানোর সুযোগ আর নেই।
তিনি আরও বলেন, দেশের যে পরিবর্তন এসেছে, তা জনগণের ইচ্ছা ও গণতান্ত্রিক চর্চার ভিত্তিতেই হওয়া উচিত। “বিদেশনির্ভর নির্দেশনা বা প্রেসক্রিপশনে দেশের রাজনীতি চলতে পারে না,” উল্লেখ করে তিনি দাবি করেন যে নতুন বাংলাদেশে নেতৃত্ব আসবে দেশপ্রেম ও জনগণের আস্থার ভিত্তিতে।
বক্তব্যের শেষে ভিপি সাদিক কায়েম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া করেন। তিনি বলেন, “দেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ এই নেত্রীর সুস্থতা জাতির জন্য জরুরি।”
সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিলেট-৪ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জয়নাল আবেদীন। এছাড়া স্থানীয় ছাত্র ও যুবনেতারা নতুন রাজনৈতিক বাস্তবতা, গণতান্ত্রিক আন্দোলন ও সংগঠনের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন।
সমাবেশে উপস্থিত নেতা–কর্মীরা ভিপি সাদিক কায়েমের বক্তব্যে সাড়া দেন এবং ‘জনগণের বাংলাদেশ’ গঠনে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন।