রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর উদ্বেগ ও সহমর্মিতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “এই ভয়াবহ আগুনে যেসব পরিবার সব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন, তাদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। আশা করি, তারা এই কঠিন সময় সাহস ও ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হবেন।”
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিবৃতিতে এ সমবেদনা জানান তিনি।
বিবৃতিতে তারেক রহমান বলেন, “মঙ্গলবার সন্ধ্যায় কড়াইল বস্তি ও আশপাশের এলাকাজুড়ে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো জানা যায়নি, তবে অনেকের ঘরবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে বলে খবর পাওয়া যাচ্ছে।”
তিনি আরও বলেন, “এই অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা আগুন নেভাতে যে প্রাণপণ চেষ্টা করেছেন, বিএনপি তাদের এই ভূমিকার প্রতি পূর্ণ সংহতি জানায়। তাদের নিঃস্বার্থ প্রচেষ্টা দেশবাসীকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে।”
তারেক রহমান আশা প্রকাশ করেন যে, অগ্নিকাণ্ডের ভয়াবহতা দ্রুতই শেষ হবে এবং কোনো জীবনহানি ছাড়া পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তিনি বলেন, “এ সংকটময় মুহূর্তে আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি—তিনি যেন সবাইকে নিরাপদে রাখেন।”