বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং ঢাকা–১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, গত ১৭ বছরে রাজধানীর রিকশা–অটোরিকশা চালকদের সিন্ডিকেটের মাধ্যমে নিয়মিত চাঁদা দিতে হয়েছে।
বিএনপি ক্ষমতায় গেলে এসব সিন্ডিকেট সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হবে। তিনি স্পষ্টভাবে বলেন, “আজ থেকে কেউ আর কোনো চাঁদা দেবেন না।”
শুক্রবার (২১ নভেম্বর) পল্লবীর বিভিন্ন পয়েন্টে রিকশা ও অটোরিকশা চালকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। চালকদের উদ্দেশে আমিনুল হক বলেন, “যারা আপনাদের ঘামঝরা কষ্টের টাকা থেকে চাঁদা নেয়, তারা জনগণের বন্ধু নয়। বিএনপি সরকার গঠন করলে আপনাদের ওপর আর কোনো ধরনের অবৈধ চাঁদাবাজি হতে দেওয়া হবে না।”
তিনি আরও জানান, শুধু বাহিরের সিন্ডিকেটই নয়—দলীয়ভাবে যদি কোনো নেতা–কর্মী চাঁদা দাবি করে, তাদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। “আমার দলের কেউ যদি চাঁদা চায়, সরাসরি অভিযোগ করবেন, আমরা একশনে যাব,”—বলেন তিনি।
ট্রাফিক আইন মেনে চলার ওপরও গুরুত্ব আরোপ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক। তিনি বলেন, “একটি দুর্ঘটনা একটি জীবন কেড়ে নিতে পারে। তাই সবাই নিয়ম মেনে গাড়ি চালালে দুর্ঘটনা কমবে, যানজটও অনেক নিয়ন্ত্রণে আসবে।”
মতবিনিময় সভায় উপস্থিত রিকশা–অটোরিকশা চালকরা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর কাছ থেকে নিয়মিত চাঁদা দিতে হয়। এতে তাদের দৈনিক আয় উল্লেখযোগ্যভাবে কমে যায়। বিএনপি প্রার্থীর এমন আশ্বাস তাদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে।
চালকদের সঙ্গে কথা বলতে গিয়ে আমিনুল হক আরও বলেন, “আপনাদের কষ্ট–সমস্যা আমি জানি। আমরা জনগণের সরকার গঠন করতে চাই। তাই জনগণের ওপর থাকা সব ধরনের অবিচার ও চাঁদাবাজির বিরুদ্ধে আমরা জোরালো অবস্থান নেব।”