যত দ্রুত নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা যায়, ততই দেশের জন্য মঙ্গল— এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, অবিলম্বে নির্বাচন আয়োজনের মাধ্যমে দেশকে একটি স্থায়ী রাজনৈতিক কাঠামোর দিকে নিতে হবে। সময় যত দীর্ঘ হচ্ছে, ততই অনিশ্চয়তা বাড়ছে— তাই দ্রুত নির্বাচন জরুরি।
আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি নিয়ে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, “পিআর পদ্ধতি এখনো দেশের সাধারণ মানুষের কাছে পরিষ্কার নয়। আনুপাতিক প্রতিনিধিত্ব— সাধারণ মানুষ এখনো বুঝতে পারে না এটি কীভাবে কাজ করে।”
তিনি অভিযোগ করেন, পাকিস্তান আমল থেকে আজ পর্যন্ত বারবার গণতন্ত্রকে ছেঁটে ফেলা হয়েছে, দুর্বল করা হয়েছে। তবে সাম্প্রতিক আন্দোলন ও জুলাই যোদ্ধাদের ত্যাগ গণতন্ত্রকে পুনরায় প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ তৈরি করেছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
তিনি আরও বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে নির্বাচনের কোনো বিকল্প নেই। গণতন্ত্র, স্থিতিশীলতা ও রাষ্ট্রীয় ধারাবাহিকতার স্বার্থে দ্রুত নির্বাচন আয়োজন জরুরি বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।