রাষ্ট্রপতি নয়, প্রধান উপদেষ্টাকেই জুলাই সনদের আদেশ জারি করতে হবে— এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জাতীয় কৃষক শক্তির আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “জুলাই সনদের আদেশ রাষ্ট্রপতি জারি করলে আইনি হিসেবে তা কার্যকর হবে ঠিকই, কিন্তু নৈতিক দিক থেকে তা গ্রহণযোগ্য হবে না। সনদটি যিনি বাস্তবায়নের দায়িত্বে আছেন, তিনিই— অর্থাৎ প্রধান উপদেষ্টাই— আদেশ জারি করবেন, এটি জনগণের কাছে বেশি ন্যায়সংগত।”
তিনি অভিযোগ করেন, গত এক বছরে সরকারের সিদ্ধান্তগুলো জনগণের সঙ্গে এক ধরনের বিচ্ছেদ তৈরি করেছে। সংবিধানের ১০৬ অনুচ্ছেদের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্তগুলো আইনি হলেও নৈতিক সমর্থন পায়নি বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা।
এ সময় তিনি আরও বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সাধারণ মানুষ একমত থাকলেও রাজনৈতিক দলগুলো এক অবস্থানে দাঁড়াতে পারেনি। বিএনপি ও জামায়াতের ভেতরকার অনৈক্যের সুযোগেই নিষিদ্ধ আওয়ামী লীগ মাঠে নেমে সংগঠিত হওয়ার সুযোগ পাচ্ছে বলে দাবি করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।