জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আওয়ামী লীগের ঘোষিত লকডাউন ঠেকাতে দেশের এক হাসনাত আবদুল্লাহই যথেষ্ট। তিনি বলেন, “শুনলাম কাল নাকি আওয়ামী লীগের লকডাউন। কালকে সব দল মাঠে থাকবে।
আওয়ামী লীগকে মাঠে ঠেকানোর জন্য তো আমাদের এক হাসনাত আবদুল্লাহই যথেষ্ট। হাসনাত আবদুল্লাহ বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করে দিয়েছে।”
বুধবার (১২ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কক মিলনায়তনে স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চ ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, “আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে এনসিপির এক হাসনাতই যথেষ্ট। আওয়ামী লীগ এখন মৃত রাজনৈতিক শক্তি— শুধু কিছু দুর্গন্ধ ছড়াচ্ছে। দেশবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই।”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “শুনছি আওয়ামী লীগের মামলা তুলে নেওয়া হবে। কিন্তু মামলা তো আগেই টাকার বিনিময়ে তুলে নেওয়া হয়েছে। বিএনপি গত এক বছরে যে মামলা বাণিজ্য করেছে, এখন ফখরুল সেটারই স্বীকৃতি দিলেন।”
তিনি আরও বলেন, “চাঁদাবাজি আর মামলা বাণিজ্য— এই দুই ছাড়া বিএনপির ইতিহাসে গত এক বছরে আর কোনো কাজ লেখা নেই। ভোট চাইতে গেলে মানুষ তাদের জুতা দেবে।”
রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, “এখন বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার জন্য সব দলকে একসঙ্গে হতে হবে। বিভাজন নয়, ঐক্যই এখন সময়ের দাবি।”
আওয়ামী লীগকে মাঠে ঠেকানোর জন্য তো আমাদের এক হাসনাত আবদুল্লাহই যথেষ্ট