জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, “যারা পাড়া-মহল্লায় রমরমা চাঁদাবাজির সঙ্গে জড়িত, তাদের সঙ্গে জোট করে নির্বাচন করার চাইতে মরে যাওয়া অনেক ভালো।”
সোমবার (১০ নভেম্বর) রাতে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির জেলা কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত বলেন, বিএনপি অনেক কষ্ট করে দলটি টিকিয়ে রেখেছে, কিন্তু তাদের মধ্যে এমন অনেক নেতা রয়েছেন যারা ভালো মানুষ হয়েও দলীয় রাজনীতিতে উপেক্ষিত। “আমরা তাদের আহ্বান জানাই—যারা জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী, তারা আমাদের সঙ্গে যোগ দিন। যারা চাঁদাবাজি করে, তারা কখনোই প্রকৃত দেশপ্রেমিক হতে পারে না,”— বলেন তিনি।
নিজ দলের প্রসঙ্গে হাসনাত বলেন, “অনেকে চায়ের দোকানে বসে বলে, এনসিপি ভোটের পর টিকবে না। আমি বলব, ভালো কাজ সবসময় অল্প মানুষ দিয়েই শুরু হয়। কল্যাণকামীরা সংখ্যায় কম হলেও তাদের প্রভাব দীর্ঘস্থায়ী।”
তিনি আরও বলেন, “আজ দেখা যাচ্ছে, জেলার আট উপজেলায় প্রতিনিধি থাকা সত্ত্বেও সবাই উপস্থিত নয়। কোরাম করা লোক দিয়ে নয়, বরং ভালো ১০ জন নিয়েই এনসিপির সংগঠন শক্তিশালী হবে।”
জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে হাসনাত বলেন, “আমরা বিশ্বাস করি, এবার ভালো নির্বাচন হবে। কিন্তু কেউ কেউ ব্যালট নয়, বুলেট বেছে নিচ্ছেন। তারা ভয় দেখিয়ে জনগণকে দমাতে চাইছে। কিন্তু আমরা বলি—যারা ভয় দেখায়, তারাই আসলে ভয় পায়।”
সভায় কেন্দ্রীয় নেতারা দলীয় ঐক্য জোরদার ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।