মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। শনিবার (৮ নভেম্বর) ভোরে দুবাই থেকে দেশে ফেরার পর তাকে বিমানবন্দরে আটক করা হয়। পরে তাকে সিংগাইর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সিংগাইর থানায় একাধিক মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আত্মগোপনে ছিলেন। দেশে ফেরার বিষয়টি আগে থেকেই জানা থাকায় ইমিগ্রেশন পুলিশ সতর্ক অবস্থানে ছিল। তিনি ভোরের একটি ফ্লাইটে ঢাকায় নামলে বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে শনাক্ত করে আটক করেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আটক সংক্রান্ত বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, “আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। এসব মামলার তদন্ত চলমান। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।”
স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রলীগের সাবেক এই নেতা আওয়ামী লীগ সরকারের আমলে সংগঠনের প্রভাবশালী মুখ ছিলেন। সরকারের পতনের পর বিভিন্ন মামলায় নাম আসায় তিনি দেশ ছাড়েন। দীর্ঘদিন পর দেশে ফেরার সময়ই তাকে আটক করা হয়।
ওসি তৌফিক আরও বলেন, মামুনের বিরুদ্ধে অভিযোগগুলো যাচাই-বাছাই চলছে। প্রয়োজনীয় প্রমাণ ও নথি সংগ্রহের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে তিনি সিংগাইর থানায় হেফাজতে আছেন।
এদিকে, মামুনের আটক হওয়ার খবরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ এটিকে নিয়মিত আইনগত প্রক্রিয়া হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন, এটি পূর্বের রাজনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিক ফলাফল।