বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার (৮ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
সাইফুল হক বলেন, “নির্বাচন এখন একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে, যা দেশের রাজনীতিকে কলুষিত করছে। এই নেতিবাচক সংস্কৃতি থেকে জাতিকে অবশ্যই মুক্ত করতে হবে।” তিনি আরও বলেন, “দেশে এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে আমরা বুকে হাত দিয়ে বলতে পারি না, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে।”
রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, “অনেক দল ‘জনগণের অভিপ্রায়’ বলে নিজেদের সিদ্ধান্ত জনগণের ওপর চাপিয়ে দেয়। কিন্তু প্রকৃত অর্থে জনগণের মতামত জানতে হলে তাদের কাছে যেতে হবে।”
সাইফুল হক জানান, ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেওয়া বেশিরভাগ রাজনৈতিক দল ভোটের দিন গণভোট আয়োজনের বিষয়ে একমত হয়েছে। তবে জামায়াতে ইসলামী রাজপথে নেমে দাবি আদায়ের জবরদস্তি করছে, যা জনগণের ইচ্ছার প্রতিফলন নয় বলে মন্তব্য করেন তিনি।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই নেতা মনে করেন, “যদি ফেব্রুয়ারিতেই গণভোট ও নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হয়, তাহলে দেশে আরেকটি গণ-অভ্যুত্থান থেকে শেষ রক্ষা পাওয়া সম্ভব হবে।”
তিনি আরও বলেন, “জনগণের আস্থা ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে স্বচ্ছ, নিরপেক্ষ এবং সময়মতো নির্বাচন আয়োজন জরুরি। অন্যথায় দেশের রাজনৈতিক সঙ্কট আরও গভীর হতে পারে।”