জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, সম্প্রতি বিএনপিতে যোগ দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। তবে এসব মন্তব্যে কষ্ট নয়, বরং ভালোবাসার প্রকাশই দেখছেন তিনি।
শুক্রবার (৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে স্নিগ্ধ লিখেছেন, “গত কয়েক দিন ধরে আপনাদের সব কমেন্ট পড়েছি—একটাও বাদ দিইনি। কেউ ভালোবাসা দিয়েছে, কেউ পাশে থাকার অঙ্গীকার করেছে, আবার কেউ লিখেছে আমি ‘ভাইয়ের রক্ত বেচে খাচ্ছি’, কেউ বলেছে ‘অযোগ্য’, কেউ ‘ক্ষমতালোভী’। তবু এসব কথায় আমার কোনো রাগ হয়নি।”
তিনি আরও লেখেন, “আপনারা যে রাগ করেন, তিরস্কার করেন—এটাই তো প্রমাণ যে আপনারা আমাকে আপনজন ভাবেন। পর মানুষকে তো কেউ এভাবে বকা দেয় না। আপনারা মুগ্ধকে ভালোবাসেন, তাই আমাকে নিয়েও আপনাদের ভয় আর উদ্বেগ। এই রাগটাই আসলে ভালোবাসা, আমি সেটাকেই এভাবে দেখি।”
নিজের রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে স্নিগ্ধ বলেন, “আমি তো রাজনীতিবিদ হয়ে জন্মাইনি। কয়েক মাস আগেও আমি আপনাদের মতোই সাধারণ একজন ছিলাম—স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে নিজের ক্যারিয়ার গড়ার। কিন্তু জুলাইয়ের সেই দিনটা, সেই একটি গুলিই আমাদের পুরো পরিবারকে ওলটপালট করে দিয়েছে।”
ভাইয়ের প্রতি গভীর আবেগ প্রকাশ করে তিনি লেখেন, “যখন কেউ বলে আমি ভাইয়ের লাশের ওপর দাঁড়িয়ে রাজনীতি করছি, তখন বুকের ভেতরটা কেঁপে ওঠে। মনে হয়, যদি সেই গুলিটা আমার লাগত, হয়তো ভালো হতো। কখনো কখনো মনে হয়, বেঁচে থাকাটাই যেন এক অপরাধ।”
পোস্টের শেষে তিনি লেখেন, “আমার পথচলা ভুল হতে পারে, কিন্তু উদ্দেশ্য নয়। আমি শুধু চাই, মুগ্ধের স্বপ্নের বাংলাদেশটাকে বাস্তব করতে।”