দলীয় মনোনয়ন না পেলেও বিএনপির সঙ্গেই রাজনীতি চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, দল ছেড়ে অন্য দলে যোগ দেওয়ার প্রশ্নই ওঠে না।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সোমবার বিএনপি ২৩৭ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে। তবে ৬৩টি আসন ফাঁকা রাখা হয়, যার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনও রয়েছে— এই আসনেই গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রুমিন ফারহানা। এবার তার নাম প্রার্থী তালিকায় না থাকায় সামাজিক মাধ্যমে নানা আলোচনা শুরু হয়।
মঙ্গলবার বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে রুমিন ফারহানা বলেন, “৬৩টি আসনে এখনও মনোনয়ন ঘোষণা করা হয়নি। আমার আসনও এর মধ্যে আছে। দলীয় জোটের সঙ্গে আলোচনা চলমান, তাই এখনই কিছু বলা যাচ্ছে না।” তিনি আরও বলেন, “মানুষের আগ্রহের কারণ আমি ১৭ বছর ধরে দলের সঙ্গে আছি। দলের জন্য, দেশের জন্য, ন্যায়ের পক্ষে আমি কাজ করেছি এবং ভবিষ্যতেও করব ইনশাআল্লাহ।”
২৩৭টি আসনে যেসব নেতা মনোনয়ন পেয়েছেন, তাদের অভিনন্দন জানিয়ে রুমিন ফারহানা বলেন, “দল সবসময় সার্বিক বিবেচনা করে সিদ্ধান্ত নেয়। যারা নমিনেশন পেয়েছেন, তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আমার রাজনীতি আমি চালিয়ে যাব আমার মতো করেই।”
মনোনয়ন নিয়ে তিনি আশাবাদী কিনা— এমন প্রশ্নে রুমিন ফারহানা বলেন, “আমি আশাবাদীও নই, হতাশও নই। রাজনীতি আমার জীবনের অংশ, আমি তা চালিয়ে যাবই। আমার নেতা-কর্মীরা আমার সঙ্গে আছে, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আমি ছিলাম, আছি, থাকব।”
সবশেষে দলত্যাগের প্রশ্নে তিনি দৃঢ়ভাবে বলেন, “বিএনপি ছেড়ে অন্য দলে যাওয়ার প্রশ্নই ওঠে না।”