আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ ও শাপলা কলির মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
রোববার (২ নভেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বৈঠকে এনসিপি আনুষ্ঠানিকভাবে শাপলা কলি প্রতীক গ্রহণের সম্মতি জানায়।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “ইসি আমাদের তালিকা সংশোধন করে কিছু নতুন প্রতীক যুক্ত করেছে। আমাদের পছন্দের তালিকায় প্রথমে ছিল শাপলা, দ্বিতীয় সাদা শাপলা, আর তৃতীয় ছিল শাপলা কলি। অন্য কোনো দল যদি একই প্রতীকের জন্য আবেদন করত, তাহলে সমস্যা তৈরি হতে পারত—তাই বিকল্প হিসেবে শাপলা কলিকে তালিকায় রেখেছিলাম।”
তিনি বলেন, “এখন নির্বাচন ঘনিয়ে এসেছে, আমরা প্রস্তুত। শাপলা কলি প্রতীক নিয়েও আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। আসলে আমরা চেয়েছিলাম পূর্ণ শাপলা, কিন্তু ইসি একধাপ এগিয়ে আমাদের দিয়েছে শাপলা কলি—আমরা এটাকে পজিটিভভাবে দেখছি।”
বৈঠকে এনসিপি নিবন্ধন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহ্বান জানায়। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “নির্বাচনের ডামাডোল শুরু হয়েছে। আমরা অংশ নিতে চাই, জনগণের ভোটে পরিবর্তন আনতে চাই। শাপলা কলি আমাদের সংগ্রামের প্রতীক হয়ে উঠবে।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, “এনসিপি আসন্ন নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করবে এবং ৩০০ আসনেই প্রার্থী দেবে। আমরা গণমানুষের দলে পরিণত হয়েছি। এবার লড়াই হবে শাপলা কলি বনাম ধানের শীষের।”