জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপি বা জামায়াতকে খুশি করা নয়, বরং জনগণকে খুশি করাই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দায়িত্ব।
রোববার (২ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডা. তাহের বলেন, “বিএনপি বা জামায়াতকে খুশি করা ড. ইউনূসের দায়িত্ব না, আপনার দায়িত্ব জনগণকে খুশি করা। কারোর চাপে মাথা নত করলে ড. ইউনূস হিরো থেকে জিরো হয়ে যাবেন।”
তিনি আরও বলেন, “বিএনপি বুঝেশুনেই একমত হয়ে জুলাই সনদে সই করেছে। এখন রাতে দুঃস্বপ্ন দেখে এলোমেলো কথা বলছে।”
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম সেমিনারে বক্তব্য দিতে গিয়ে বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রথম দাঁড়িয়েছিল জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির।”
তিনি আরও দাবি করেন, টেকসই জুলাই সনদের বাস্তবায়নের জন্য নভেম্বরে গণভোট আয়োজন এখন সময়ের দাবি। তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি শহীদের রক্তের প্রতি শ্রদ্ধা ও গণআকাঙ্ক্ষার প্রতিফলন।”
সেমিনারে উপস্থিত বক্তারা বলেন, গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠনে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা রক্ষা করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। জনগণের মতামত উপেক্ষা করে বা রাজনৈতিক সমীকরণে পড়ে গেলে অন্তর্বর্তী সরকারের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে বলে তারা সতর্ক করেন।
এ সময় বক্তারা সকল রাজনৈতিক দলকে পারস্পরিক আস্থা ও সহনশীলতার ভিত্তিতে গণভোট এবং জাতীয় নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানান।