জুলাই সনদে বিএনপি যে নোট অব ডিসেন্ট দিয়েছে, তার মাধ্যমে দলটির স্বৈরাচার হওয়ার প্রবণতা স্পষ্ট হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
রোববার (২ নভেম্বর) রাজধানীর কাকরাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ‘ফ্যাসিবাদের কালো থাবা ও আগামীর বাংলাদেশের চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন তিনি।
ডা. তাহের বলেন, “বিএনপি যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে, তাতে বোঝা যায় তাদের মধ্যে আবার স্বৈরাচার হওয়ার এক ধরনের মানসিকতা কাজ করছে। আমরা যেই রাস্তা বন্ধ করতে চাই, তারা সেটি খুলে দিতে চাচ্ছে। ভেতরে ভেতরে মনে হয় তাদের আবারও সেই স্বৈরাচারী সময়ের জন্য একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে।”
তিনি বলেন, “বিএনপি আজ কী নিয়ে লড়াই করছে, তা নিজেরাও জানে না। মাসের পর মাস আমরা ৩১টি দল মিলে সংস্কার প্রক্রিয়ায় ঐক্যবদ্ধ হয়েছি। তারা সেই সনদে স্বাক্ষর করেছে। আমি আর সালাহউদ্দিন সাহেব একসাথে ছিলাম, ফখরুল সাহেবও তখন হাসিখুশি মুখে নতুন পোশাক পরে সই করেছেন। কেউ জোর করে কলম ধরিয়ে দেয়নি। কিন্তু হঠাৎ এক রাতে কী স্বপ্ন দেখলেন, সকালে উঠে উল্টো কথা বলছেন—এটা জাতির সঙ্গে প্রতারণা।”
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, “সংস্কার ছাড়া এই দেশের ডেভেলপমেন্ট ডেমোক্রেসি সম্ভব নয়। সংস্কার প্রশ্নে আমরা কোনো আপস মানি না। প্রধান উপদেষ্টাও সংস্কার বাস্তবায়ন ছাড়া শূন্য। কারো চাপে মাথা নত করা উচিত নয়।”
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি আরও বলেন, “সব দলকে খুশি করার রাজনীতি করবেন না। আপনার কাজ জাতিকে খুশি করা, দল নয়। রাজনৈতিক ভারসাম্য রক্ষায় দৃঢ় থাকতে হবে।”
তাহেরের বক্তব্যে বিএনপির অবস্থান নিয়ে নতুন রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে। তিনি বলেন, “আমরা ফ্যাসিবাদের বিপক্ষে ঐক্যবদ্ধ। বিএনপি যদি সত্যিই গণতন্ত্র চায়, তবে তাদের স্বৈরাচারী মানসিকতা পরিত্যাগ করতে হবে।”