নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত হওয়ার পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, তারা এই প্রতীক নয়, কেবল ‘শাপলা’ প্রতীকই চায়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ইসি নতুন তালিকায় ‘শাপলা কলি’ প্রতীক অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন জারি করে। এরপর প্রতিক্রিয়ায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা গণমাধ্যমকে বলেন, “আমরা ‘শাপলা কলি’ নয়, শাপলা প্রতীক চাই। আগে নির্বাচন কমিশন বলেছিল শাপলা অন্তর্ভুক্ত করা যাবে না। কিন্তু এখন যেহেতু ‘শাপলা কলি’ যুক্ত হয়েছে, তারা চাইলে শাপলাও অন্তর্ভুক্ত করতে পারে। আমরা কলি নয়, শাপলাই চাই; এর বাইরে কোনো বিকল্প নেই।”
ইসি সূত্রে জানা যায়, কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৯৭২ সালের সংবিধানের অনুচ্ছেদ ৯৪ অনুযায়ী নির্বাচন কমিশন ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এ নতুন সংশোধন এনেছে, যার অংশ হিসেবে ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, এ বছরের ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শুরু থেকেই ‘শাপলা’ প্রতীক দাবি করে আসছে। দলটির শীর্ষ নেতৃত্ব জানিয়েছিল, শাপলা প্রতীক না দিলে তারা নিবন্ধন নেবে না। সেই দাবিতে তারা কমিশনের প্রতি অসন্তোষও প্রকাশ করেছিল। এখন ‘শাপলা কলি’ যুক্ত হলেও দলটি তাতে সন্তুষ্ট নয়। এনসিপি স্পষ্ট জানিয়েছে, তাদের অবস্থান অপরিবর্তিত—দলটি শুধুমাত্র ‘শাপলা’ প্রতীকেই অনড় থাকবে।