জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “আওয়ামী লীগ এখন ডেথ চ্যাপ্টার। এটা একটা মরা হাতি—যাকে এখন সবাই লাথি দিতে পারে, কারণ এটি আর মূল ধারায় ফিরতে পারবে না।”
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত ‘ইকোনমিক রিফর্ম সামিট’-এর দ্বিতীয় দিনে নাগরিক কোয়ালিশন, ব্রেইন, ভয়েস রিফর্ম, ইনোভিশন ও ফিনটেক সোসাইটির উদ্যোগে আয়োজিত আলোচনায় তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, আওয়ামী লীগ চিরতরে ইতিহাসের শেষ অধ্যায়ে চলে যাবে। কিন্তু যদি আবার বিভক্ত হই, তারা বিভিন্ন নামে ফিরে আসতে পারে। কারণ এটি তাদের স্বভাব ও রাজনৈতিক ধর্ম।”
তিনি বলেন, জুলাই আন্দোলনের ইতিহাস সঠিকভাবে সংরক্ষণ করতে হবে যাতে তা বিকৃত না হয়। প্রত্যেকে তাদের দেখা দৃষ্টিভঙ্গি লিখে রাখলে ভবিষ্যৎ প্রজন্ম প্রকৃত ইতিহাস বুঝতে পারবে।
এনসিপি নেতা আরও বলেন, “ইতিহাস ভালো বা খারাপ নয়, এটি বাস্তব। ক্ষমতায় থাকা সরকার প্রায়ই ইতিহাসকে নিজের পক্ষে ব্যবহার করে, অথচ আমরা চাই ইতিহাস যেন নিরপেক্ষ ও নির্ভুল থাকে।”
তিনি অভিযোগ করেন, বাংলাদেশের রাজনীতিতে প্রায়ই ট্রাজেডি হয়ে যায় প্রোপাগান্ডা। তাই ইতিহাস যেন আর কোনো সরকারের হাতিয়ার না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে।
হাসনাতের ভাষায়, “এখন সময় নতুন প্রজন্মের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার। ফ্যাসিবাদী রাজনীতির পরিণতি আমরা দেখেছি—এবার সময় পরিবর্তনের।”