জাতির কাছে ক্ষমা চাইতে বলাদের রাজনৈতিক অভিজ্ঞতার অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
‘জুলাই সনদ’ সই করার দিনে দাবি পূরণে বিক্ষোভে নামা ‘জুলাই যোদ্ধা’দের নিয়ে তার বক্তব্যের সমালোচনার জবাবে তিনি বলেন, “আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে। আমি কখনোই জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে কিছু বলিনি। বরং যারা সেই দিনের বিশৃঙ্খলাকে রাজনৈতিকভাবে কাজে লাগাতে চেয়েছে, আমি তাদের সমালোচনা করেছি।”
এর আগে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সালাহউদ্দিন আহমদকে তার বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আহ্বান জানান। তার প্রতিক্রিয়ায় বিএনপি নেতা বলেন, “যারা জাতির কাছে ক্ষমা চাইতে বলেন, তারা রাজনীতির মাঠে অভিজ্ঞতার অভাবে ভোগেন। রাজনীতি মানে হলো যুক্তি, প্রজ্ঞা ও ইতিহাসের ধারাবাহিকতা বোঝা—কোনো তড়িঘড়ি প্রতিক্রিয়া নয়।”
তিনি অভিযোগ করেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে কিছু “আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী” ‘জুলাই যোদ্ধা’ নাম ব্যবহার করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছিল। তিনি বলেন, “সত্যিকারের জুলাই যোদ্ধারা এমন কাজে জড়িত থাকতে পারেন না। আমার বক্তব্যকে উদ্দেশ্যমূলকভাবে বিকৃত করে রাজনৈতিক বিভাজন তৈরি করার চেষ্টা চলছে।”
সালাহউদ্দিন আরও জানান, জুলাই যোদ্ধাদের একটি সংগঠন তার সঙ্গে যোগাযোগ করার পর তাদের প্রস্তাব অনুযায়ী জুলাই সনদের পঞ্চম দফায় সংশোধন আনা হয়েছে।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, “আমি পুনরায় বলছি—জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে যারা যুক্ত, তারা কখনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে না। রাজনৈতিক অভিজ্ঞতা ও পরিপক্বতা অর্জন ছাড়া এসব বিষয়ের সঠিক বিশ্লেষণ সম্ভব নয়।”