নতুন মোড়কে পুরোনো মতবাদ জনগণ আর গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, “ভোট চাইতে এলে প্রশ্ন করতে হবে—দেশ কীভাবে টানা পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হলো।”
সোমবার (৬ অক্টোবর) রাতে রাজধানীর জিগাতলায় ঢাকা-১০ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ পূর্বক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাসুদ বলেন, “যারা সরকারে থেকে দেশকে দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন করেছে, কানাডায় বেগমপাড়া গড়েছে, লন্ডনে জনগণের হাজার কোটি টাকা পাচার করেছে, তারা এখন যতই নীতিকথা বলুক—এসব শুধু জনগণকে ধোঁকা দিয়ে আবারও ক্ষমতায় ফেরার চেষ্টা।”
তিনি বলেন, “জামায়াতে ইসলামী ব্যক্তি ও দল হিসেবে দুর্নীতিমুক্ত। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ও শহীদ আলী আহসান মুজাহিদ তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, তবুও তাদের বিরুদ্ধে এক টাকার দুর্নীতিরও প্রমাণ কেউ দিতে পারেনি। জামায়াতের নেতৃত্বে দুর্নীতির কোনো সুযোগ নেই।”
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১০ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার বলেন, “যে অঙ্গীকার নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তা আজ ধূলিসাৎ হয়ে গেছে। মৌলিক অধিকারগুলো রাষ্ট্র নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।”
তিনি আরও বলেন, “জনগণ আর কথার ধোঁকায় ভোট দেবে না। এবার ভোট দেবে কাজ দেখে—কারা সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, আর কারা জনগণের পাশে দাঁড়িয়েছে।”
জসিম উদ্দিন সরকার ভোটারদের আহ্বান জানিয়ে বলেন, “যারা অতীতে দুর্নীতি, দখল ও লুটপাট করেছে, তাদের ভোট দিয়ে আর ক্ষমতায় আনা যাবে না। দুর্নীতিবাজদের ভোটের মাধ্যমে বয়কট করতে হবে।”