ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ ১০ বছর পর আবারও নির্বাচনী প্রচারণায় নামছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলীয় সূত্রে জানা গেছে, তার জন্য বিশেষভাবে তৈরি একটি বুলেটপ্রুফ মিনিবাস জাপান থেকে আনা হচ্ছে। তার স্বাস্থ্য ও নিরাপত্তা বিবেচনায় গাড়িটি কাস্টম ডিজাইনে প্রস্তুত করা হয়েছে।
রোববার (৫ অক্টোবর) বিএনপির পক্ষ থেকে যানবাহনটির আমদানির অনুমোদনের জন্য প্রয়োজনীয় নথি সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্যও জাপান থেকে একটি বুলেটপ্রুফ গাড়ি আনার পরিকল্পনা রয়েছে।
বিএনপি সূত্রে জানা যায়, এই মিনিবাসে করেই খালেদা জিয়া দেশজুড়ে নির্বাচনী সফরে অংশ নেবেন। তার সঙ্গে থাকবেন নিরাপত্তা কর্মকর্তা, ব্যক্তিগত চিকিৎসক ও সহকারী দল। তিনি বিভিন্ন জেলায় যাত্রাবিরতি ও জনসভায় অংশ নেবেন বলে জানা গেছে।
ঢাকার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে চলছে প্রচারণার সূচি, ভ্রমণপথ ও জনসভাস্থল নির্ধারণের কাজ। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই খালেদা জিয়ার নির্বাচনী যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
প্রাথমিকভাবে ফেনী-১ আসন থেকে প্রার্থী হওয়ার কথা ভাবা হচ্ছে বলে দলের শীর্ষ নেতারা জানিয়েছেন। তবে তার শারীরিক অবস্থার কারণে প্রয়োজনে প্রযুক্তির মাধ্যমে প্রচারণায় যুক্ত হতে পারেন তিনি।
বিএনপির জ্যেষ্ঠ নেতা শায়রুল কবির খান জানান, তফসিল ঘোষণার পর পূর্ণমাত্রায় প্রচারণা শুরু হবে। অন্যদিকে তারেক রহমান বলেন, “খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অগ্রগণ্য ভূমিকা রেখেছেন। যদি শারীরিক সক্ষমতা অনুমতি দেয়, তিনি নিশ্চয়ই নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”