আমরা সরকারকে টিকিয়ে রেখেছি একটি ভালো নির্বাচনের জন্য বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, আমরা সরকারের কাছে প্রত্যাশা করি, ভালো নির্বাচনের জন্য স্বল্প সময়ের মধ্যে যা যা করা দরকার, সেগুলো করবেন। সেজন্য আমাদের সমর্থন আছে।
রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী লেখক ফোরামের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, একটি বিশেষ মহল মনে করছে, নির্বাচন হলে তাদের কোনো ভবিষ্যৎ নেই। এজন্য বিভিন্ন রকম মুখরোচক কথাবার্তা বলে, নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা করছে। যারা এগুলো করছে, তারা মূলত বোকার স্বর্গে বাস করছে।
এ দেশের মানুষ ১৬ বছর ধরে আন্দোলন করেছে নিজের মতামত এবং অধিকার রক্ষার জন্য। সেই অধিকার রক্ষার একমাত্র মাধ্যম হচ্ছে নির্বাচন। এর বাইরে অন্য কোনো মাধ্যম আছে, কেউ যদি মনে করে, তাহলে আমি বলবো- আসুন, নির্বাচনের মাধ্যমে কে কত জনপ্রিয়, আমরা সেটা যাচাই করি।
তিনি বলেন, কেউ যদি মনে করে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ দখল করবে, এগুলো আপনার (শেখ হাসিনা) মনের ভেতরেই থাকবে। বাংলাদেশিরা বীরের জাতি। এ দেশের মানুষ কখনো কারো কাছে মাথা নত করেনি। যে জাতি রক্ত দিতে পারে, যে জাতির শিশু-তরুণরা বিদ্রোহী হয়, সে জাতিকে কেউ পদানত করতে পারে- এটা ভাবার কোনো কারণ নেই।
জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি শাহীন রেজার সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম প্রমুখ।