আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনীতি গ্রহণ করে থাকে তবে সেটিই বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে।
তিনি বিএনপিকে আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পরিবর্তে দেশের পুনর্গঠনে কাজ করতে হবে। তবেই তরুণ প্রজন্ম তাদের পাশে দাঁড়াবে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে এনসিপির অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দলের সদস্যসচিব আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, “আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি বিএনপির জন্য ভয়াবহ হবে। আওয়ামী লীগের স্থায়ীভাবে রাজনীতি থেকে বিদায় নিশ্চিত করতে হবে। যারা আওয়ামী লীগকে নির্বাচনে আনার চেষ্টা করবে বা তাদের পুনর্বাসন করবে, জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে। তাদের রাজনীতি বাংলাদেশ থেকে একেবারেই নাই হয়ে যাবে।”
তিনি অভিযোগ করেন, একদিকে আওয়ামী লীগ ষড়যন্ত্র, সন্ত্রাস ও সহিংস তৎপরতা চালাচ্ছে; অন্যদিকে দেশের কিছু রাজনীতিবিদ তাদের নির্বাচনে ফিরিয়ে আনার চেষ্টায় লিপ্ত। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের পদক্ষেপ গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়াবে এবং জনগণ তা কোনোভাবেই মেনে নেবে না।
রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, “ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক পক্ষকে আওয়ামী লীগ প্রশ্নে এবং মুজিববাদ প্রশ্নে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা বিচারের মাধ্যমে তাদের রাজনৈতিক ফয়সালা করতে চাই। দেশের অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র আমরা একযোগে প্রতিরোধ করব।”
তিনি আরও বলেন, আওয়ামী লীগের দীর্ঘদিনের সন্ত্রাসী কর্মকাণ্ড, গণহত্যা ও দমননীতির জন্য জনগণ আজও ভুগছে। তাই কোনো রাজনৈতিক দল যদি তাদের সঙ্গে সমঝোতায় যায়, তবে জনগণ সেই দলকেও প্রত্যাখ্যান করবে।