জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম সতর্ক করে বলেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনীতি যদি বিএনপি গ্রহণ করে থাকে, তা তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। মঙ্গলবার বিকালে দলটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
নিউইয়র্কে দলের সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে আহূত এই সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের পথ বেছে নেয়, তাহলে সেই রাজনীতি বিএনপির সর্বনাশ ডেকে আনবে। তিনি বিএনপিকে পরামর্শ দিয়ে বলেন, আওয়ামী লীগকে টিকিয়ে রাখার বদলে বাংলাদেশের পুনর্গঠনে কাজ করলে তরুণ সমাজের সমর্থন তারা পাবে।
তিনি আরও অভিযোগ করেন, একদিকে আওয়ামী লীগ তৎপরতা চালাচ্ছে, ষড়যন্ত্র করছে, সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাচ্ছে; অন্যদিকে দেশের কিছু রাজনীতিবিদ আওয়ামী লীগকে নির্বাচনে আনার ষড়যন্ত্র করছেন। নাহিদের বক্তব্যে স্পষ্ট হুঁশিয়ারি—আওয়ামী লীগকে নির্বাচনে ফিরিয়ে আনা বা রাজনীতিতে পুনর্বাসনের কোনো সুযোগ নেই। যারা এমন চেষ্টা করবে, জনগণ তাদের বিরুদ্ধে অবস্থান নেবে এবং তাদের রাজনীতি দেশ থেকে মুছে যাবে।
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি আহ্বান জানিয়ে বলেন, ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক পক্ষকে আওয়ামী লীগ ও মুজিববাদ প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিচারের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা করতে হবে এবং তাদের পুনর্বাসনের যে ষড়যন্ত্র চলছে তা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।