জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নির্বাচনের সময়সূচি নিয়ে তাদের দলের কোনো আপত্তি নেই। তবে ভোটের আগে অবশ্যই একটি লিখিত নতুন সংবিধান প্রণয়ন করতে হবে, যেখানে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার দেবিদ্বারের সুলতানপুর ইউনিয়নের তুলাগাও গ্রামে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “ডেডলাইন নিয়ে সমস্যা নেই, চাইলে আগামীকালই নির্বাচন দিন। কিন্তু খেলার নিয়ম পরিবর্তনের একটি আইনগত ভিত্তি দিতে হবে। জনগণ যাকে ভোট দেবে, তাকেই নির্বাচিত হতে দিতে হবে।”
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে হাসনাত বলেন, মুখের প্রতিশ্রুতি নয়, লিখিত সংবিধান প্রয়োজন। তিনি অভিযোগ করেন, কিছু উপদেষ্টা নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন এবং লাইসেন্স বাণিজ্যে লিপ্ত হয়েছেন। এভাবে জাতিকে প্রতারিত করা হলে ছাত্র-জনতা ক্ষমা করবে না।
তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনের শহীদদের রক্তের উপর বসে আপনারা যদি কেবল দারোয়ান বদলান আর ভাঙা দরজা-জানালা না মেরামত করেন, তাহলে এটি হবে জনগণের সঙ্গে প্রতারণা। ৫০ বছর ধরে চুরি, টেন্ডারবাজি, ভোট ডাকাতি বন্ধ হয়নি। এখন আমাদের নতুন সংবিধান চাই।”
হাসনাত অভিযোগ করেন, অতীতে ভোটের আগের দিন ঘরে ঘরে টাকা বিতরণ করে জনগণের ভাগ্য কেনা হয়েছে। এই প্রথা রোধে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। তার দাবি, দুর্নীতির টাকায় কেনা ভোটের বোঝা শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই বহন করতে হয়।
দেবিদ্বার উপজেলা এনসিপির আহ্বায়ক জামাল মোহাম্মদ কবীরের সভাপতিত্বে বৈঠকে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, এহতেশাম হক এবং স্থানীয় নেতৃবৃন্দ। তারা বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য লিখিত ভিত্তি ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না।