বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, দেশে এখনো নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি। নির্বাচন ঘনিয়ে এলেও লেভেল প্লেয়িং ফিল্ড গড়ে ওঠেনি। তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “গোটা বাংলাদেশে নিরপেক্ষভাবে সমতার ভিত্তিতে সব রাজনৈতিক দল ও মতের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আল্লামা মামুনুল হক বলেন, বাংলাদেশে সত্যিকারের বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ সমাজ গড়তে হলে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা, অর্থাৎ খেলাফত কায়েম করতে হবে। মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়ে বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব নয়। তিনি স্পষ্ট করে বলেন, “চূড়ান্ত লক্ষ্য আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা।”
তিনি আসন্ন উচ্চকক্ষ গঠন প্রসঙ্গে বলেন, ভোটারদের সংখ্যানুপাতিক হারে পিআর পদ্ধতি বাস্তবায়ন না হলে তা কেবল বেকার পুনর্বাসনের জায়গায় পরিণত হবে। জনগণের করের অর্থে এমন উচ্চকক্ষ মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
খেলাফতে মজলিসের এই নেতা আরও বলেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ এবং ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ। ভারতপন্থী, আমেরিকাপন্থী কিংবা পিকিংপন্থী রাজনীতি বাংলার মানুষ আর গ্রহণ করবে না। ভবিষ্যতের রাজনীতি হবে একমাত্র বাংলাদেশপন্থীদের রাজনীতি।
গণসমাবেশে সভাপতিত্ব করেন খেলাফতে মজলিস গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা ফারুক হাসান নদভী। প্রধান বক্তা ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ। জেলার পাঁচ উপজেলার নেতাকর্মীরা এতে যোগ দেন।
এর আগে দুপুর থেকেই মিছিলসহকারে জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা পৌর পার্কে সমবেত হন। প্রধান অতিথি পৌঁছানোর আগেই পার্ক কানায় কানায় পূর্ণ হয়ে যায়।