চট্টগ্রামের আনোয়ারায় ছাত্রশিবিরের দুই নেতার ওপর ছাত্রদলের হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ছাত্রশিবির। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলা সদর এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আলী হোসেন এবং আনোয়ারা কলেজ ছাত্রশিবিরের সভাপতি মিশকাতুল ইসলামের ওপর ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেছে শিবির। এ ঘটনার প্রতিবাদে জয়কালী হাট থেকে বিক্ষোভ মিছিল বের করে শিবির নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আনোয়ারা মডেল মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ছাত্রদল এখন ক্রমেই সহিংস রাজনীতির পথে হাঁটছে। তারা বলেন, ৫ আগস্টের পর দেশের ছাত্রসমাজ পুরনো পেশিশক্তির রাজনীতি প্রত্যাখ্যান করেছে। অথচ বন্ধু সংগঠন হিসেবে পরিচিত ছাত্রদল সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।
সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আলী হোসেন। প্রধান বক্তা হিসেবে জেলা পশ্চিমের সেক্রেটারি ফরমানুর রহমান জাহিন বলেন, “ছাত্রলীগের রাজনীতিতে প্রবেশ করেছে ছাত্রদল। ছাত্রদল এখন সন্ত্রাসী সংগঠনে পরিণত হচ্ছে। তারা শিক্ষা না নিলে ছাত্রলীগের মতোই পরিণতি ভোগ করবে।”
বক্তারা আরও বলেন, শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনা এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্রশিবির সবসময় কাজ করে আসছে। এ ধরনের হামলা করে আন্দোলন দমিয়ে রাখা যাবে না।
প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা অর্থ সম্পাদক আব্দুল হামিদ, জেলা প্রশিক্ষণ সম্পাদক আব্দুল কাদের, জেলা স্কুল অ্যান্ড কলেজ সম্পাদক আমির উদ্দিন, আনোয়ারা উপজেলা সেক্রেটারি সাকিব হাসনাত, সাংগঠনিক সম্পাদক মিরাজ হোসেনসহ উপজেলা ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
শিবির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি এ ধরনের হামলা অব্যাহত থাকে তবে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে তারা।