পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী এবং দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করেনি এবং ভবিষ্যতেও করবে না। তিনি জানান, সবার আগে জামায়াতই রোজার আগে, অর্থাৎ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাসুদ সাঈদী বলেন, “জামায়াতের আমির সর্বপ্রথম রোজার আগে নির্বাচন দেওয়ার দাবি করেছেন। রোজার আগে মানে ফেব্রুয়ারি মাস। নির্বাচন পিছিয়ে যাক—এমন কোনো কার্যক্রম জামায়াত করবে না।”
তিনি আরও বলেন, নির্বাচন পেছানোর সুযোগ নেই। জনগণের কাছে যদি গ্রহণযোগ্য মনে হয়, তাহলে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে, আর যদি জনগণ তা না চান, তবে প্রচলিত ব্যবস্থায় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচন না দেওয়ার কিংবা বিলম্ব করার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
মাসুদ সাঈদী অভিযোগ করেন, ইচ্ছা করলে কোনো রাজনৈতিক দল স্বৈরাচারী কায়দায় শাসন ব্যবস্থা চালু করতে পারবে না। তার ভাষায়, “ইচ্ছা হলে নির্বাচন না দিয়ে ১০ বছর ক্ষমতায় থাকা সম্ভব নয়। দিনের ভোট রাতে চালু করার সুযোগ নেই। অন্যান্য রাজনৈতিক দলের সক্রিয় অবস্থান থাকবে সংসদে।”
তিনি বলেন, জামায়াত সবসময় শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণের পক্ষে এবং জনগণের মতামতকে প্রাধান্য দেয়। তাই রোজার আগে নির্বাচন আয়োজনের দাবিই ছিল তাদের প্রাথমিক অবস্থান।
মতবিনিময় সভায় পিরোজপুর প্রেস ক্লাব সভাপতি রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এসএম তানভীর আহমেদ, জেলা আমির বীর মুক্তিযোদ্ধা তাফাজ্জল হোসেন ফরিদ, সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক ও পৌর আমির মাওলানা ইছাহাক আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।