ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে ভোট কেন্দ্র দখলের পাঁয়তারা করছে জাতীয়তাবাদী ছাত্রদল—এমন অভিযোগ তুলেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। সোমবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
পোস্টে শিবির সেক্রেটারি লেখেন, “ভোট কেন্দ্র দখলের পাঁয়তারা করছে ছাত্রদল। মনে রেখো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়। কোনো অপকর্ম করার চেষ্টা করলে চরম মূল্য দিতে হবে। ছাত্ররাই তাদের কেন্দ্রভিত্তিক ভোট পাহারা দেবে ইনশাআল্লাহ।”
অভিযোগের এমন পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। তবে শিবিরের দাবি— তারা শুধু শিক্ষার্থীদের সতর্ক করতে এই বার্তা দিয়েছে।
এদিকে সকাল থেকে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীরা লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।
নির্বাচন কমিশনের তথ্যমতে, ভোট শুরুর প্রথম তিন ঘণ্টায় টিএসসি কেন্দ্রে প্রায় ৩৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে। এই কেন্দ্রে বেগম রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা ভোট দিচ্ছিলেন। তবে দুপুরের পর ছাত্রদল বিভিন্ন স্লোগান দিয়ে কেন্দ্রের সামনে অবস্থান নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়লে কিছু সময়ের জন্য ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। প্রায় ১০ মিনিট পর আবার ভোটগ্রহণ শুরু হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, যেকোনো পরিস্থিতিতে নির্বাচন অবাধ ও সুষ্ঠু রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা টিম সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।