বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই. রামাদান সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। রোববার রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমীরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতের শুরুতেই রাষ্ট্রদূত ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর সুস্থতার জন্য দোয়া করেন। পরে মতবিনিময় সভায় জামায়াত আমীর ফিলিস্তিন প্রসঙ্গ তুলে ধরে বলেন, বিশ্ব মুসলিম উম্মাহর মতো বাংলাদেশের জনগণেরও ফিলিস্তিনের প্রতি আন্তরিক সম্পর্ক রয়েছে এবং এ সম্পর্ক চিরদিন অটুট থাকবে।
তিনি বলেন, “দুই বছরেরও বেশি সময় ধরে ইসরাইলি বোমাবর্ষণে নারী-শিশুসহ প্রায় ৬৫ হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং আরও প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ আহত হয়েছেন। গাজার ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে, ক্ষতির পরিমাণ প্রায় ছয় হাজার আট শত কোটি ডলার। ধ্বংস হয়েছে ৩৮টি হাসপাতাল, ৮৩৩টি মসজিদ ও দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান।”
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, ইসরাইল গাজায় খাবার প্রবেশ করতে দিচ্ছে না, ফলে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। শিশুসহ হাজারো মানুষ অনাহারে মারা যাচ্ছে। তিনি জাতিসঙ্ঘ, ওআইসি ও শান্তিকামী বিশ্বকে আহ্বান জানান, গাজা দখলের ঘোষণাসহ ফিলিস্তিনি জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার পরিকল্পনা অবিলম্বে বন্ধে ইসরাইলকে বাধ্য করতে হবে।
জামায়াত আমীর বলেন, “ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের দল-মত-নির্বিশেষে সমর্থন রয়েছে। আমাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা অব্যাহত থাকবে।”
এ সময় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ সালেহ বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমি ধন্য। বাংলাদেশের জনগণ বিশেষ করে গাজার প্রতি যে ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা দেখাচ্ছে তার জন্য আমরা কৃতজ্ঞ। আমি আশা করি, ভবিষ্যতেও এ সমর্থন অব্যাহত থাকবে।”
সাক্ষাতে জামায়াতের নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।