বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভয়ংকর রক্তপিপাসু শেখ হাসিনার আওয়ামী ফ্যাসিবাদ বিতাড়নে সবচেয়ে বড় অবদান রেখেছেন তারেক রহমান। তিনি জুলাই-আগস্ট আন্দোলনের পটভূমি রচনা করেছেন। আমরা কি আন্দোলনের সময় ললিপপ খাচ্ছিলাম? এতে দেশের সর্বস্তরের মানুষের অবদান রয়েছে।
শুক্রবার বিকেলে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে দুপুরে তিনি জেলা মৎস্যজীবী দলের আয়োজনে করতোয়া নদীতে মাছের পোনা অবমুক্ত কর্মসূচির উদ্বোধন করেন।
রিজভী বলেন, “স্বৈরাচার খুনি হাসিনার আওয়ামী লীগ ভারতপন্থি দল। বিএনপি বাংলাদেশপন্থি রাজনৈতিক দল। তাই আমাদের ভারতপন্থি ট্যাগ দিবেন না। একটি গোষ্ঠী নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ট্যাগিং ও সাইবার বুলিং করা হচ্ছে। তবে যত চক্রান্তই হোক, জনগণের শক্তির কাছে কোনো ষড়যন্ত্র টিকবে না।”
তিনি আরও বলেন, “গণতন্ত্রবিরোধীরা জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করছে। বিএনপি কোনো প্রভু দেশের তাঁবেদারির রাজনীতি করে না। একটি গোষ্ঠী ষড়যন্ত্র করে নির্বাচন বন্ধের পাঁয়তারা করছে।”
ডাকসু নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, “ছাত্রদল হলো আন্দোলন, সংগ্রাম ও আদর্শের দল। ঢাবির শিক্ষার্থীরা যদি অবাধভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে ছাত্রদলের প্যানেলই জয়ী হবে।”
সভায় জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, আলী আজগর তালুকদার হেনা, সাবেক এমপি কাজী রফিকুল ইসলামসহ জেলা ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।