গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি দাবি করেছেন, নুর এখনো সম্পূর্ণ সুস্থ নন, বরং তাকে সুস্থ দেখানোর জন্য পরিকল্পিতভাবে ভুল বার্তা ছড়ানো হচ্ছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খাঁন বলেন, “নুরুল হক নুর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তার নাক দিয়ে এখনো রক্ত পড়ছে, নাক আরও বাঁকা হয়ে গেছে।
মাথায় আঘাত রয়েছে, হাঁটতে পারছেন না এবং মুখ হা করতেও পারছেন না। গণমাধ্যমে প্রকাশিত তার সম্পূর্ণ সুস্থতার খবর সঠিক নয়।”
তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর আশ্বাস দেওয়া হয়েছে। পরিবেশ উপদেষ্টা জানিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে ইতিমধ্যে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে নুরের বর্তমান শারীরিক অবস্থায় এখনই বিদেশে নেওয়া সম্ভব নয়।
রাশেদ খাঁনের ভাষায়, “তিনি এখন প্লেনে ওঠার মতো অবস্থায় নেই। আমরা তাকে সিঙ্গাপুরে নেওয়ার দাবি জানিয়েছি। আরও কিছুটা সুস্থ হলে এক সপ্তাহের মধ্যে তাকে বিদেশ নেওয়া হতে পারে।”
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার কঠোর সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, “যেসব সদস্য নুরের ওপর হামলায় জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে।”
উল্লেখ্য, গত শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) সঙ্গে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এরপর বিজয়নগরে গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে। এতে গুরুতর আহত হন নুরুল হক নুর এবং আরও অন্তত ৫০ জন নেতা-কর্মী। বর্তমানে নুর ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।