বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিশিষ্ট কণ্ঠশিল্পী বেবী নাজনীন বলেছেন, আগামী নির্বাচনে বিএনপির নিশ্চিত বিজয় ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে, তবে সবাইকে সজাগ থাকতে হবে।
তার দাবি, গত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। বরং প্রতিটি ষড়যন্ত্র মোকাবিলা করতে করতে বিএনপি আজ আরও শক্তিশালী হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা বিএনপি আয়োজিত দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে তিনি এসব কথা বলেন। বেবী নাজনীন বলেন, “ষড়যন্ত্র করে আর কোনো লাভ নেই। কারণ তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের ভোট।
তারুণ্যের ভোটেই আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে গড়ে উঠবে নতুন বাংলাদেশ।”
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মামুন এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক ইবনে সাইদ সুজন। সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, সৈয়দপুর বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম প্রমুখ।
বিলকিস ইসলাম তার বক্তব্যে বলেন, “আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল। বিএনপি ১৭ বছর ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে এসেছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটেই বিএনপি সরকার গঠন করবে।”
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার বলেন, “জনগণ পিআর বোঝে না, জনগণ বোঝে আসনভিত্তিক ফলাফল। গত ১৭ বছর মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। তাই তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে ভোট দেবে, কবে গণতন্ত্র ফিরিয়ে আনবে।”