গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন, দলটির সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর সুস্থ হওয়ার পর তাদের ওপর সংঘটিত হামলার ঘটনায় মামলা করবেন। রোববার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
রাশেদ খান বলেন, ‘‘কতিপয় সেনাসদস্য মব করে নুরসহ অন্য নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িত সেনাসদস্যদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সামরিক আইনে প্রকাশ্যে ব্যবস্থা নিতে হবে।’’ তিনি আরও যোগ করেন, নুর সুস্থ হওয়ার পর বাদী হয়ে মামলা করবেন। তবে সেনাসদস্যদের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে শঙ্কা রয়েছে।
তিনি উন্নত চিকিৎসার জন্য নুরকে সিঙ্গাপুর বা যুক্তরাষ্ট্রে পাঠানোর দাবি জানান। তার মতে, নুরের শারীরিক অবস্থার উন্নতি হলেও আশঙ্কা কাটেনি।
প্রসঙ্গত, গত শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ অন্তত ৫০ জন গুরুতর আহত হন।
প্রথমে নুরকে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়, পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, নুরুল হকের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তিনি বলেন, ‘‘সিটিস্ক্যান রিপোর্ট ভালো এসেছে। তবে কিছুটা ট্রমায় আছেন। ছয় সদস্যের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে সব ধরনের চিকিৎসা চলছে।’