ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলাকে পরিকল্পিত হত্যার ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। শুক্রবার (৩০ আগস্ট) রাত পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত নূরকে দেখতে এসে তিনি সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান।
মামুনুল হক বলেন, “নূর ও তার সহকর্মীদের ওপর যে হামলা চালানো হয়েছে, এটি পরিকল্পিত হত্যার ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। জাতীয় গণমাধ্যম ও সাংবাদিকদের উপস্থিতিতে সেনা সদস্যরা দেশের বরেণ্য রাজনৈতিক নেতার ওপর হামলা চালিয়েছে—এটি কল্পনাতীত এবং সেনাবাহিনীর ভাবমূর্তিকে কলঙ্কিত করেছে।”
তিনি অভিযোগ করেন, এ হামলা প্রমাণ করেছে রাজনৈতিকভাবে জীবন হুমকির মুখে রয়েছে। পুলিশের চরিত্র যেমন অপরিবর্তিত আছে, তেমনি এবার সেনা সদস্যরাও সরাসরি মিডিয়ার সামনে এমন হামলায় জড়িয়েছে, যা সভ্য পৃথিবীতে অকল্পনীয়।
মামুনুল হক আরও বলেন, “পরাজিত শক্তি জুলাই বিপ্লবীদের কাছ থেকে প্রতিশোধ নিতে উদগ্রীব। ভিপি নূর, রাশেদ খান ও তাদের সহকর্মীদের ওপর যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, এটি আসলে একটি টেস্ট কেস। তারা যদি পার পেয়ে যায়, তবে জুলাই বিপ্লবের কোনো অংশীজনই নিরাপদ থাকবে না।”
তিনি প্রশ্ন তোলেন, “আমরা কি জুলাই বিপ্লবকে সফল করব, নাকি ব্যর্থ হতে দেব?” তার দাবি, সহস্রাধিক প্রাণের রক্তের বিনিময়ে বাংলার মাটি থেকে ফ্যাসিবাদ উৎখাত করা হয়েছে, অথচ এক বছরেরও কম সময়ে আবার নেতাদের রক্তাক্ত করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো।
হেফাজতের এই নেতা বলেন, এ হামলার মাধ্যমে দেশকে গভীর সংকটে ঠেলে দেওয়া হয়েছে। তিনি দেশপ্রেমিক রাজনৈতিক ও সামাজিক শক্তি, ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ হয়ে এ ধরনের ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান।