বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান কর্তৃক জুলাই শক্তিকে ‘কালো শক্তি’ এবং আন্দোলনের সংগঠকদের ‘রাজাকারের বাচ্চা’ আখ্যা দেওয়ার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই ঘটনায় তারা সরাসরি রাস্তায় নামার ঘোষণা দিয়েছে।
রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ফজলুর রহমানের কুশপুত্তলিকা দাহ ও গণজুতা নিক্ষেপ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।
এর আগে একটি টকশোতে ফজলুর রহমান মন্তব্য করেন,
“যারা ৫ আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামায়াতে ইসলাম। তাদের যে অগ্রগামী শক্তি হলো ইসলামী ছাত্রশিবির। সারজিস আলমরা যারা এই ঘটনার অভিনয় করেছে, এরা কোনো নেতা না, আমি তাদেরকে অভিনেতা বলব।”
তিনি আরও বলেন,
“মানুষ বুঝে গেছে এরা হলো রাজাকারের বাচ্চা। তারা টাকা-পয়সার মাধ্যমে তরুণ সমাজের একটা অংশকে কনভিন্স করে সামনে নিয়ে আসছে। কিন্তু নির্বাচন হলে বিএনপি আল্লাহর রহমতে দুই-তৃতীয়াংশ সিট পেয়ে ক্ষমতায় আসবে।”
ফজলুর রহমান তার বক্তব্যে আরও যোগ করেন,
“আমরা ভেবেছিলাম ৫৪ বছরের পরাজয়ের গ্লানি জামায়াত ভুলে গেছে। কিন্তু না, সেই গ্লানি দ্বিগুণ আকারে তাদের মধ্যে ফিরে এসেছে। তারা চক্রান্ত করে এই দেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে।”
তার এই বক্তব্যকে মুক্তিযুদ্ধ ও শহীদের রক্তের প্রতি অবমাননা আখ্যা দিয়ে প্রতিবাদে উত্তাল হয়েছে ছাত্রসমাজ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানিয়েছে, ফজলুর রহমানের মতো ব্যক্তিদের প্রকাশ্যে জবাব না দিলে জাতি আবারও অপমানিত হবে।