ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে দলীয় অনুমতি ছাড়াই নমিনেশন গ্রহণ করেছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদ্য বহিষ্কৃত যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাত।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে এক বিবৃতিতে তিনি জানান, মাহিন সরকার মনোনয়নপত্র গ্রহণের আগে দলীয় অনুমতি নেওয়া প্রয়োজন ছিল।
কিন্তু তিনি মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের অনুমতি ছাড়াই ব্যক্তিগত উদ্যোগে এ পদক্ষেপ নেন। সিফাত বলেন, “দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নেওয়া এমন উদ্যোগ সরাসরি শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হবে।”
এর আগে এনসিপির আহ্বায়ক ও সদস্যসচিব স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মাহিন সরকারকে তার স্বপদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।
একই সঙ্গে তাকে দলের কার্যক্রম থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। সিদ্ধান্তে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এনসিপির কোনো সাংগঠনিক কাজে সম্পৃক্ত থাকতে পারবেন না।
দলীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে ডাকসু নির্বাচনকে ঘিরে এনসিপির ভেতরে নানামুখী আলোচনার সৃষ্টি হয়। নেতৃত্ব পর্যায় থেকে স্পষ্ট নির্দেশ ছিল, দলীয় অনুমতি ছাড়া কেউ প্রার্থী হবেন না।
তবে মাহিন সরকার সে নিয়ম ভেঙে সরাসরি নমিনেশন সংগ্রহ করায় নেতৃত্ব ক্ষুব্ধ হয় এবং অবশেষে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্ত এনসিপির ভেতরে সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার কড়া বার্তা বহন করে। ডাকসু নির্বাচনের মতো একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে দলের অবস্থানকে শক্ত রাখতেই এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন তারা।