জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উন্নয়নে এক কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা-১৭ আসনের প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান।
তিনি অভিযোগ করেন, দেশের সবচেয়ে বড় ক্যান্সার হাসপাতালটি আজ দুর্নীতি, দালালচক্র ও রাজনৈতিক প্রভাবের কারণে ভেঙে পড়েছে। ফলে রোগীরা সময়মতো সেবা পাচ্ছেন না, সাধারণ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ছে।
শনিবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় হাসপাতালের অকেজো যন্ত্রপাতি ও প্রশাসনিক দুর্নীতির বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে তিনি এ ঘোষণা দেন। তিনি জানান, সাতটি রেডিওথেরাপি মেশিনের মধ্যে মাত্র দুটি সচল রয়েছে, বাকি পাঁচটি নষ্ট অবস্থায় পড়ে আছে। এছাড়া এমআরআই, সিটিস্ক্যান ও ন্যানোগ্রাম মেশিন নেই, রক্ত ব্যাংকও চলছে ম্যানুয়াল পদ্ধতিতে।
ডা. খালিদুজ্জামান অভিযোগ করে বলেন, ১৭ বছরের ফ্যাসিস্ট শাসনামলে নিয়োগ ও পদোন্নতিতে ব্যাপক দুর্নীতি হয়েছে। একটি বিশেষ জেলা থেকে লোক এনে নিয়োগ দেওয়া হয়েছে, কর্মচারীদের কোয়ার্টার বহিরাগতদের দখলে চলে গেছে, আর সিরিয়াল বাণিজ্য নিয়ন্ত্রণ করছে দালালচক্র।
তিনি আরও জানান, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দল দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। শিশু হাসপাতালে রাতের ভোটে নিয়োগপ্রাপ্ত ৬৫ জন চিকিৎসকের নিয়োগ বাতিল করা হয়েছে। ভবিষ্যতে সরকার গঠন করলে স্বাস্থ্য খাত থেকে দুর্নীতি সম্পূর্ণ দূর করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।
ডা. খালিদুজ্জামান বলেন, “আমরা চাই রোগীরা যেন আশা নিয়ে হাসপাতালে এসে সেবা পান, হতাশ না হন। সেই লক্ষ্যেই এক কোটি টাকা অনুদান ঘোষণা করছি। এটি কেবল শুরু। ভবিষ্যতে আধুনিক যন্ত্রপাতি, দক্ষ চিকিৎসক নিয়োগ ও পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা হবে।”